বাংলাদেশের চেয়ে ৪ রানে পিছিয়ে প্রথম দিন শেষ জিম্বাবুয়ের

ঘরের মাঠে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছে জিম্বাবুয়ে। অন্তত হারারে টেস্টের প্রথম দিনে। আজ রোববার (২৮ জুন) একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। বাংলাদেশের চেয়ে মাত্র ৪ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে।

প্রথম দিন শেষে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৪ ওভারে ১ উইকেটে ১৩৬ রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৭.২ ওভারে, ১৪০ রানে অলআউট হয়ে।

মাত্র দুই সেশনে বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। বোলারদের মতো আলো ছড়াচ্ছেন ব্যাটাররা। ইনোসেন্ট কাইয়া ও বেন কারানের উদ্বোধনী জুটিতে আসে ৮৯ রান। ৪২ রান করে খালেদ আহমেদের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন কারান।

এরপর আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ব্র্যান্ডন টেইলরকে নিয়ে দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন কাইয়া। অপরাজিত ৭৬ রান নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন কাইয়া। টেইলর অপরাজিত আছেন ১৭ রানে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষেও কাটেনি ওপেনিংয়ের ব্যর্থতা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৬ রানে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন নিউম্যান নিয়ামুরি। আরেক ওপেনার সাদমান ইসলামও ফেরেন ২০ রান করে। তাকে ফেরান ব্র্যাড ইভানস। ৩৬ রানে পতন ঘটে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের।

সেখান থেকে হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটিতে ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। মুমিনুল আবারও আটকা পড়েন ফিফটির ঘরে। ১২ চারে ৬০ রান করা মুমিনুলকে ফেরান নিয়ামুরি। শান্ত ফেরেন ১৯ রান করে।

এরপর থেকে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ২১ রানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম ফেরেন ৯ রান করে, রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে। দুই অভিষিক্ত তাওহিদ হৃদয় কিংবা অমিত হাসানও পারেননি হাল ধরতে। হৃদয় ৩, অমিত ৪ রানে সাজঘরে ফেরেন। তাইজুল ইসলাম বিদায় নেন ৯ রানে। শেষের তিন ব্যাটারের কেউই খুলতে পারেননি রানের খাতা। তাতে, চূড়ান্ত লজ্জায় পড়ে বাংলাদেশ।

জিম্বাবুয়ের পক্ষে নিয়ামুরি ৬১ রানে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট পান রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও ব্লেসিং মুজারাবানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *