আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন স্টোকস

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা এবং টেস্ট অধিনায়ক বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে চলমান তৃতীয় ও শেষ টেস্টের পরই তার ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এবং চার বছরের টেস্ট অধিনায়কত্বের ইতি ঘটবে।

আজ রোববার (২৮ জুন) সকালে খেলা শুরুর আগে স্টোকস নিজের সিদ্ধান্তের কথা সতীর্থদের এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)কে জানান। ড্রেসিংরুমে বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে নটিংহ্যাম টেস্টের চতুর্থ দিনের চা বিরতির কিছু আগে ইসিবি আনুষ্ঠানিকভাবে স্টোকসের অবসরের খবর প্রকাশ করে।

সতীর্থদের উদ্দেশে স্টোকস বলেন, ‘আরও দুই দিন নিজেদের সর্বস্ব উজাড় করে খেলো।’ যদিও, অবসরের কারণ ব্যাখ্যা করেননি তিনি। অবসরের কারণ পরে ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন।

তার এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে শৃঙ্খলাজনিত কারণে তিনি দলে ছিলেন না। লর্ডসে ইংল্যান্ডের জয়ের পর তার উদযাপন নিয়ে তদন্ত শুরু করেছিল ইসিবি ও ক্রিকেট রেগুলেটর। পরে তদন্তে তার বিরুদ্ধে গুরুতর কোনো অপরাধের প্রমাণ মেলেনি।

২০১১ সালে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় স্টোকসের। এরপর ২০১৩ সালের ডিসেম্বরে অ্যাডিলেড অ্যাশেজে টেস্ট অভিষেক করেন। ২০২২ সালের এপ্রিলে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব পান তিনি। সবমিলিয়ে ৪৪টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন তিনি। ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারে ১২২টি টেস্ট খেলেছেন স্টোকস। এছাড়া খেলেছেন ১১৪টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ইংল্যান্ডকে শিরোপা জেতাতে অবদান রাখেন ৩৫ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *