বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে শোভাযাত্রা করার অভিযোগকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি শোভাযাত্রা বের করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিবিরের শোভাযাত্রায় বহিরাগতদের উপস্থিতি দেখে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানান। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা ও পরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে লাঠিতে পতাকা বেঁধে মিছিল করায় তারা শিবিরকে বহিরাগত ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ জানান। এ সময় শিবিরের নেতাকর্মীরা হামলা চালালে ছাত্রদলের ৫-৬ জন আহত হন।
অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু পাল্টা অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির শান্তিপূর্ণ কর্মসূচিতে গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদল হামলা চালায়। এতে তাদের ৫ জন আহত হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই এ হামলা হয় এবং এ নিয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি বেলাল হোসেন বলেন, দুই সংগঠনের সংঘর্ষের খবর পেয়ে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।