‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগে এনসিপিনেত্রী আটক

নেত্রকোনায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তাকে মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক ওই নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে কুরপাড় এলাকা থেকে ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সদর মডেল থানায় নেওয়ার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে কুরপাড় এলাকা থেকে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে নিয়ে আসে। তার বিরুদ্ধে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এনসিপির জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *