নারী হত্যার দায়ে যুবকের ফাঁসি

ময়মনসিংহে সাথী আক্তার (৩৮) হত্যা মামলায় হৃদয় (২৫) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে দেড় লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই দণ্ডপ্রাপ্ত আসামির সম্পত্তি থেকে অর্থ আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সামসুদ্দিন আহমেদ এই রায় দেন। আদালত পরিদর্শক পীরজাদা মুস্তাসিনুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের এক ভোরে দণ্ডপ্রাপ্ত হৃদয়সহ একাধিক আসামি আকুয়া জুবলি কোয়ার্টার এলাকায় সাথী আক্তারের বাসায় প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত সাথী আক্তারের ছোট বোন মোছা. শিউলী বাদী হয়ে বাবুল ও হৃদয়কে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে কেবল হৃদয়ের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রের তথ্যানুযায়ী, ভোরবেলায় মোবাইল ফোনে মিসকল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে সাথী আক্তারকে হত্যা করেন দণ্ডপ্রাপ্ত হৃদয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *