রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পড়ে থাকা সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগে শুধু ময়লা-আবর্জনা ছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার (১ আগস্ট) ডিএমপি এক বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, শনিবার আনুমানিক ১০টা ৪০ মিনিটে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রী নামা-ওঠা (ড্রপ অফ/পিক আপ) স্থান নির্দেশক স্ট্যান্ডের উপরে একটি সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ দেখতে পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক এমআরটি পুলিশকে অবহিত করা হয়।
পুলিশ জানায়, পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণপূর্বক ব্যাগটি পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায়, ব্যাগটির মধ্যে কোনো প্রকার বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু ছিল না; এতে শুধু ময়লা-আবর্জনা ছিল।
ডিএমপি জানায়, ঘটনার পর পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করা হয়। বর্তমানে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং ট্রেন চলাচল ও যাত্রীসেবা নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।