প্রবাসে যাওয়া হলো না নিরবের, সড়কে প্রাণ গেল মায়ের

ভাগ্য ফেরানোর আশায় ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম শান্তিপুরের মো. রাশিদ মিয়া। ছেলের বিদেশযাত্রার খরচের জন্য ঋণ করে জোগাড় করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে এখন দিশেহারা তিনি। একই দুর্ঘটনায় রাশিদ মিয়া ও তার ছেলেও আহত হয়েছেন। নিহত নারীর নাম মোছা. জয়বাহার (৪৫)।

স্বজনরা জানান, আগামী শুক্রবার সৌদি আরব যাওয়ার কথা ছিল রাশিদ মিয়ার ছেলে নিরবের (২১)। সেই উদ্দেশে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পরিবারের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন তিনি। পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই মারা যান জয়বাহার।

রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরি বা পণ্যবাহী গাড়িটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার অভিযোগ নিয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *