পটিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বাকবিতণ্ডার একপর্যায়ে মোহাম্মদ তোহা প্রকাশ তোহা মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আনোয়ারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তোহা মুন্সি ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পটিয়া মুন্সি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে আনোয়ার নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তোহা মুন্সি তাঁর গাছের কলা চুরির বিষয়ে জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, পরে আনোয়ার তাঁর পরিবারের সদস্য বাবুল, এহাজার মিয়া, সাদ্দামসহ কয়েকজনকে নিয়ে লাঠিসোটা হাতে তোহা মুন্সির ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোহাম্মদ মাহবুব আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *