নৌকাডুবির পর সাঁতরে মা বাঁচলেও প্রাণ গেল ছেলের

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের বিরিশিরি ঘাট এলাকায় নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

নিহত এমদাদুল হক উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, আজ বুধবার ফজরের আজানের পর মা রোকেয়া খাতুনকে সঙ্গে নিয়ে একটি ছোট নৌকায় করে সোমেশ্বরী নদী থেকে বালু তোলার জন্য বাড়ি থেকে বের হন ছেলে এমদাদুল হক। পথে বিরিশিরি ঘাটের নদীতে থাকা একটি বাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় মা রোকেয়া খাতুন সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও নদীতে তলিয়ে যান ছেলে এমদাদুল।

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় নদীর তলদেশ থেকে এমদাদুলের মরদেহ উদ্ধার করে তারা।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মজিবুর রহমান বলেন, পানির তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মা ও ছেলে দুজনেই নৌকায় ছিলেন। মায়ের সামনেই পানিতে তলিয়ে যায় ছেলে। এ বিষয়ে অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *