মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে লড়বেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জিতে এই সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির ৭৫তম আসর।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর চূড়ান্ত আসর। সেখানেই বিজয়ী ঘোষণা করা হয় মাহিকে। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। দুজনের আলিঙ্গন ও একসঙ্গে মঞ্চে হাঁটার মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
বিজয়ী হওয়ার পর মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অন্যদিকে বিদায়ী বিজয়ী মিথিলাকে দেখা যায় হালকা নীল ও সিলভার রঙের গাউনে।
ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন এই শিল্পী।
এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম প্রতিনিধি মিথিলা। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন তিনি।
মিথিলার সাফল্যের পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।