জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি এবি পার্টির

জনমতের প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোট আয়োজিত গণসমাবেশে মজিবুর রহমান মঞ্জু এ দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।

মজিবুর রহমান মঞ্জু বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি প্রক্রিয়ার একটিকে গ্রহণ করে অন্যটিকে অস্বীকার করার সুযোগ নেই। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোটের ফলও মেনে নেওয়া উচিত। কাজেই জুলাই আন্দোলনের সময় জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের রায় কার্যকর করা প্রয়োজন।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যাদের ভূমিকা প্রত্যাশিত ছিল, তাদের অনেককেই তখন মাঠে দেখা যায়নি বলেও অভিযোগ করেন মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে, রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও বড় গণআন্দোলন গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *