জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে বন্ধ আমদানি-রপ্তানি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই বন্ধ রয়েছে এ বাণিজ্যিক কার্যক্রম। তবে বাণিজ্য বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ সকল অফিসিয়াল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, সরকারি ছুটির কারণে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের পারস্পরিক সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আগের নিয়মে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, পণ্যবাহী যান চলাচল ও কাস্টমসের কাজ বন্ধ থাকলেও দুই দেশের মধ্যকার সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য সাধারণ দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *