পাবনার ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে তার ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ একই পরিবারের তিনজন আহত হন। আজ সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- একই এলাকার হাবিবুল মন্ডল এবং তার দুই ছেলে শাকিল ও সাহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে হাবিবুল মন্ডলের দোকানে চুরি করতে ঢোকে সুমন। বিষয়টি টের পেয়ে হাবিবুল তাকে বাধা দিলে সুমন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। বাবার ডাক চিৎকার শুনে দুই ছেলে শাকিল ও সাহান এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়।
তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সুমনকে হাতেনাতে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরবর্তীতে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একই সাথে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।