চায়ের দোকানে আড্ডার ফাঁকে এইচএসসির খাতা মূল্যায়ন, প্রভাষক আটক

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকসংলগ্ন একটি চায়ের টং দোকানে বন্ধুদের সাথে আড্ডার ফাঁকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র (এইচএসসি খাতা) মূল্যায়নের সময় এক প্রভাষককে হাতেনাতে ধরেছে সিলেট শিক্ষাবোর্ড। অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন সোহানের কাছ থেকে উত্তরপত্রগুলো জব্দ করার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

অভিযুক্ত ইকবাল হোসেন সোহান সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজে প্রভাষক হিসেবে কর্মরত।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, গতকাল শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে প্রভাষক ইকবাল তার বন্ধুদের নিয়ে শাবিপ্রবির ফটকের একটি চায়ের দোকানে বসে খাতা মূল্যায়ন করছিলেন। বস্তা থেকে খাতা বের করে তার সঙ্গে থাকা দুই বন্ধুও উত্তরপত্র দেখছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও একই স্থানে বসে তাকে খাতা দেখতে দেখা গেছে।

বিষয়টি জানতে পেরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন নিজে উপস্থিত হয়ে সেখান থেকে এইচএসসি পরীক্ষার খাতাগুলো জব্দ করেন।

তবে খাতা জব্দের মুহূর্তে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন দাবি করেন, কাজের তাড়াহুড়ো থাকায় তিনি বন্ধুদের নিয়ে খাতা মূল্যায়ন না করে কেবল কোড নম্বর মেলাচ্ছিলেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, চায়ের দোকানে বসে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের তথ্য পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত পরীক্ষকের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, চাঞ্চল্যকর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অভিযুক্ত প্রভাষক বর্তমানে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। এমন চরম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *