চলতি অর্থ বছরেই অনুষ্ঠিত হবে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন। এজন্য সরকার সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা বা সিটি করপোরেশনের মধ্যে কোন নির্বাচন আগে হবে তা সময়মতো নির্ধারণ করা হবে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তর। চলতি অর্থবছরের মধ্যে সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাব পলাতক শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়ে গেছে। দেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তার করা হবে। উনাকে জেলে যেতে হবে এবং রায় কার্যকর করা হবে।
সিলেট অন্যান্য নগর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ প্রকল্পে সিলেট সিটি করপোরেশন ভালো করছে।
প্রতিমন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনের সঙ্গে লাফার্জ সুরমা হোলসিমের একটি প্রকল্প ২০২৪ সালে চালু হয়। তবে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। এখন থেকে চালু হবে। এখন থেকে সিলেট নগরের বর্জ্য পরিশোধন করে প্লাস্টিক অংশ লাফার্জ সুরমা নিয়ে গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। আর বাকি বর্জ্য সিটি করপোরেশন জৈব সার হিসেবে পরিণত করবে এমন পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।