গাজীপুরে গার্মেন্টসের গুদামে আগুন

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টসের’ কার্টন ও সুতার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আট ইউনিট যৌথভাবে কাজ করছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে অবস্থিত কারখানাটির কাঁচামাল, কার্টন ও সুতা সংরক্ষিত গোডাউন ভবনে সকালের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত উদ্ধার ও আগুন নির্বাপণ কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিসের আরও ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা বিস্তারিত অনুসন্ধানের পর জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *