এল ক্লাসিকো: মুখোমুখি পরিসংখ্যানে কারা এগিয়ে, রিয়াল নাকি বার্সেলোনা?

সারা বিশ্বের ক্লাব ফুটবলপ্রেমীদের অন্যতম প্রিয় ম্যাচ দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ‘এল ক্লাসিকো’র লড়াই। যেই লড়াই শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ থাকে না। যেই লড়াইয়ে থাকে ইতিহাস, ঐতিহ্য, আবেগ আর ভালোবাসা।

আজ রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যূ-তে লা লিগার ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। ক্লাব ফুটবলের অন্যতম এই হাইভোল্টেজ ম্যাচটি বাংলাদেশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই, ক্রীড়া টিভির মতো প্ল্যাটফর্মে।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুই দলের সমর্থকদেরই মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, ঐতিহ্যের এই লড়াইয়ে কারা এগিয়ে? পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সমানে সামন থেকেই আজ মাঠে নামবে রিয়াল-বার্সা। এ পর্যন্ত ২৬৪টি এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। যেখানে দুই দলেরই জয়-পরাজয় সমান ১০৬টি করে ম্যাচ। আর ৫২টি ম্যাচ ড্র হয়েছে।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা—গত পাঁচ বছরে বার্সেলোনা জিতেছে ১০ বার, আর রিয়াল জিতেছে ৯ বার। এমনকি শেষ ১০ ম্যাচের মধ্যে ৬টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। বিপরীতে রিয়ালের জয় ৪টিতে।

মুখোমুখি পরিসংখ্যান সমানে সমান হলেও, চলতি লিগ মৌসুমে ৯ ম্যাচের সবকটিতে জয় এবং ৩৯ গোল করে গোলমেশিনে পরিণত হওয়া বার্সেলোনাই আজ মাঠে পরিষ্কার ফেভারিট হিসেবে নামছে। এর ওপর দলের দুই সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র আর গোলরক্ষক থিবো কর্তোয়াকে পাচ্ছে না মাদ্রিদ। ফলে তাদের জন্য লড়াইটা একটু বেশিই কঠিন হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *