দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। তবে আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন আর কেমোথেরাপি নিতে হচ্ছে না তাঁকে। ওষুধের মাধ্যমেই চলছে চিকিৎসা।
রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ। তিনি বলেন, ‘এখন তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক ভালো আছেন।’
লিটন এরশাদ আরও জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি নেওয়ার কথা ছিল। তবে বর্তমানে ওষুধের মাধ্যমেই তাঁর চিকিৎসা চলছে। কথাবার্তায় জড়তাও কমছে। হাঁটাচলার অবস্থারও উন্নতি হয়েছে।
প্রায় ১০ মাস চিকিৎসা নেওয়ার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। প্রায় সাত দিন দেশে থাকার পর আবার লন্ডনে ফিরে যান তিনি। দেশে ফেরার আগে তাঁর চিকিৎসায় কেমোথেরাপির পরিকল্পনা থাকলেও পরে আর তা প্রয়োজন হয়নি বলে জানান লিটন এরশাদ।
এদিকে, গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, অসুস্থতার কারণে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। দেশের বাইরে থাকলেও নিরাপদ সড়কের আন্দোলনের সঙ্গে তাঁর মন পড়ে আছে।
বিবৃতিতে সুস্থতা কামনায় খোঁজ নেওয়া, ভালোবাসা জানানো ও দোয়া করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।
‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ইলিয়াস কাঞ্চন অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন নিসচার মহাসচিব লিটন এরশাদ।