গাজায় বন্যার পানিতে বিপর্যস্ত পুরো শিবির, সতর্কতা রেড ক্রসের

গাজায় বৃষ্টির পানি জমে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আশ্রয়শিবির-তাঁবু। এতে শিশুদের শুকনো ও নিরাপদে রাখার চেষ্টায় হিমশিম খাচ্ছে হাজার হাজার পরিবার। এমন পরিস্থিতিতে গাজার পুরো শিবিরগুলোই পানিনিষ্কাশনের সংকটে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক রেড ক্রস।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেড ক্রসের মুখপাত্র আমানি আল নাউক বলেন, টানা চতুর্থ শীত মৌসুমেও গাজার লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে তাঁদের সন্তানদের বৃষ্টি ও ঠান্ডা থেকে রক্ষা করতে সংগ্রাম করতে হচ্ছে।

গাজা থেকে কথা বলার সময় তিনি বলেন, ‘পরিবারগুলো গত তিন বছর ধরে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জীর্ণ তাঁবুতে বসবাস করছে।’

আমানি আল নাউক জানান, তাঁবু থেকে পানি সরানো এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ও জীবন রক্ষার চেষ্টা করছেন পুরো পরিবার, এমনকি একেকটি সম্পূর্ণ আশ্রয়শিবিরের বাসিন্দারা। এ ধরনের পরিস্থিতির বিভিন্ন ভিডিওচিত্রও দেখেছে রেড ক্রস।

গাজার পরিবারগুলোর জন্য এখন সবচেয়ে জরুরি প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই আশ্রয়ব্যবস্থা। আমানি আল নাউকের ভাষায়, ঝড় ও প্রতিকূল আবহাওয়া থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এমন স্থায়ী আশ্রয়ই প্রয়োজন তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *