গণভোটের রায় বাস্তবায়ন চেয়ে লংমার্চে জামায়াত আমিরের হুঁশিয়ারি

বিএনপি ক্ষমতায় বসেই গণভোটের রায়কে অস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বলেন, জনগণ এই অপমানের প্রতিশোধ নিবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের যশোরের মুড়লীর মোড়ের পথসভায় এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারকে বলবো ৭ দফার আগে এক দফা মেনে নিন। ৭ দফার চেয়ে ১ দফার ওজন বেশি। অতীতে যারাই ১ দফার কবলে পড়েছে, তারা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গণভোটের গণরায় অস্বীকার করেছেন। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর মাশুল আপনাদের দিতে হবে। আমরা রাস্তায় নেমেছি গণভোটের রায় বাস্তবায়নের জন্য। জনগণ রাজপথে নামলে দাবি আদায় করেই ছাড়বে।’

যশোরের পথসভা শেষে লংমার্চের গাড়িবহর শহরের মণিহার, বারান্দীপাড়া, শেখহাটি হাইকোর্ট মোড়, নতুন উপশহর খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ি, চুড়ামনকাটি, সাতমাইল হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হয়ে ঝিনাইদহের উদ্দেশে রওয়ানা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *