কানাডার জাল ভিসা প্রস্তুতকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে কানাডার জাল ভিসা প্রস্তুতকারী ও ভিসা প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রোববার (২৮ জুন) এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

ক্ষুদেবার্তায় জানানো হয়, গতকাল শনিবার দিনগত রাতে চাঁদখানা ইউনিয়নের কাঠগারী পণ্ডিতপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভিসা প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

ক্ষুদেবার্তায় গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি ও ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অভিযানে তাদের কাছ থেকে কানাডার জাল ভিসা, জাল পাসপোর্ট, কানাডিয়ান জাল ডলার, অনলাইন লটারি কার্ড, তিনটি স্মার্টফোন, একটি ল্যাপটপ কম্পিউটার এবং একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।

ক্ষুদেবার্তায় ডিবি পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আজই তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *