এসিল্যান্ডের ওপর হামলার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি ফয়সাল শেখ (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

রোববার (২৮ জুন) র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের সদস্যদের পাশাপাশি র‌্যাব-৬ সহযোগিতা করে।

র‌্যাব জানায়, গত ২০ জুন গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে সাজা দেওয়ার সময় তার সহযোগীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন। এরপর আসামিদের গ্রেপ্তারে র‌্যাবকে সহায়তার জন্য অনুরোধ জানানো হলে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ফয়সাল শেখ গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *