নতুন মৌসুমের শুরুতেই বার্সেলোনার নেতৃত্ব কাঠামোয় এসেছে পরিবর্তন। ২০২৬-২৭ মৌসুমের জন্য পাঁচ ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কাতালান ক্লাবটি। সেই তালিকায় সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’ জানিয়েছে, বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন রাফিনিয়া ও পেদ্রিকে। এরপর ভোটাভুটির মাধ্যমে অধিনায়কদের তালিকায় যোগ হয়েছেন এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামাল।
রাফিনিয়াকে নিজের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করেন ফ্লিক। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বিবেচনায় নেওয়া হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্রথম অধিনায়ক করার ক্ষেত্রে।
দ্বিতীয় অধিনায়ক হিসেবে পেদ্রির নির্বাচনও ছিল অনেকটা প্রত্যাশিত। আর ভোটে নির্বাচিত তিনজনের মধ্যে এরিক গার্সিয়ার নেতৃত্বগুণ নিয়ে আলাদা করে প্রশংশা রয়েছে ক্লাবের ভেতরে। শৃঙ্খলা, নিষ্ঠা এবং গত দুই মৌসুমে ফ্লিকের অধীনে তার উন্নত নেতৃত্বের দক্ষতা তাকে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রেখেছে।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের নামও ছিল প্রত্যাশিতদের তালিকায়। এর আগেও বার্সেলোনার অধিনায়কত্ব করেছেন নেদারল্যান্ডসের এই মিডফিল্ডার। ড্রেসিংরুমে সতীর্থদের কাছেও রয়েছে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা। আন্দ্রে টের স্টেগানের বিদায়ের পর দলের অভিজ্ঞ খেলোয়াড়দের একজনও তিনি।
তবে সবচেয়ে বেশি আলোচনায় ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। বয়সে তরুণ হলেও মাঠে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। পারফরম্যান্স ও প্রভাবের পাশাপাশি নেতৃত্ব গুণ বিবেচনায় এবার তাকে অধিনায়কদের গ্রুপে জায়গা দিয়েছেন ফ্লিক।
নতুন মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় তিন ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আগামী ৬ সেপ্টেম্বর (রোববার) ভ্যালেন্সিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচে মাঠে নামবে তারা। ম্যাচের আগে কোচ হ্যান্সি ফ্লিক সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কত্বের কাঠামো নিয়ে কথা বলতে পারেন।