রাজা একজনই হন—এটাই নিয়ম। কিন্তু ২০২৬ সালের বড়দিনে সেই নিয়মটাই যেন একটু বদলে যাচ্ছে! কারণ একই দিনে বড় পর্দায় হাজির হচ্ছেন দুই ‘কিং’। একজন বলিউডের বাদশাহ শাহরুখ খান, অন্যজন দক্ষিণের দাপুটে তারকা নাগার্জুন। দুজনের সিনেমার নামেই ‘কিং’। ফলে ২৪ ডিসেম্বর বক্স অফিসে লড়াইটা শুধু দুই সিনেমার নয়, দুই ‘কিং’-এরও!
তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে বক্স অফিসে দারুণ সাফল্যের পর আর কোনো পূর্ণাঙ্গ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে দেখা যায়নি তাকে। অবশেষে ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন তার মেয়ে সুহানা খান।
শাহরুখ যখন ‘কিং’ নিয়ে রাজত্ব ফিরে পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই নাগার্জুনও বলছেন—‘আমিও কিন্তু কম যাই না!’ নিজের শততম সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই দক্ষিণী তারকা। ২৯ আগস্ট নিজের ৬৭তম জন্মদিনে প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম ঝলক। নামও চমকপ্রদ—‘কিং১০০’। মুক্তির তারিখ? সেই একই ২৪ ডিসেম্বর!
অর্থাৎ বড়দিনের ছুটিতে দর্শক যদি শাহরুখের ‘কিং’ দেখতে যান, পাশের হলেই হয়তো নাগার্জুনের ‘কিং১০০’ রাজত্ব করছে!
আরও মজার ব্যাপার হলো, নাগার্জুনের এই শততম সিনেমায় থাকছেন টাবু। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। সিনেমাটিতে অ্যাশরিয়া রাজেশও অভিনয় করছেন। আরএ কার্তিক পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস।
অন্যদিকে শাহরুখের ‘কিং’-এ সুহানা ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুরসহ একঝাঁক তারকা। ফলে দুই সিনেমার তারকা তালিকাও বেশ ভারী।
এখন প্রশ্ন একটাই—২৪ ডিসেম্বর বক্স অফিসের সিংহাসনে বসবেন কে? শাহরুখের ‘কিং’, নাকি নাগার্জুনের ‘কিং১০০’?
রাজা দুজন হলে সমস্যা নেই, কিন্তু বক্স অফিসের রাজত্ব তো শেষ পর্যন্ত একজনেরই!