জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এক আবেগঘন বার্তা। মায়ের সঙ্গে শৈশবের ও বর্তমানের ভালোবাসায় মোড়ানো একটি ছবি পোস্ট করে তিনি প্রকাশ করেছেন মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব । সঙ্গে লিখেছেন, ‘ছোটবেলা থেকে আজ অব্দি, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আঁচল আমায় ছায়ার মতো আগলে রেখেছে। আমার না বলা কথাগুলো চোখের পলকেই বুঝে ফেলা, আমার একটুখানি কষ্টে তোমার বুক ফেটে যাওয়া, তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য কার আছে? আমি আজ যা কিছু হয়েছি, যতদূর আসতে পেরেছি, তার পেছনের মূল শক্তি কেবল তোমার দু’আ আর আশীর্বাদ।
মায়ের জন্য দোয়া চেয়ে অপূর্ব লিখেছেন, ‘তুমি হাসলে আমার পৃথিবী আলোয় ভরে যায়। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, দীর্ঘায়ু করেন এবং তোমার মুখের এই সুন্দর হাসিটি চিরকাল বজায় রাখেন।’
মাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লেখেন, ‘পৃথিবীর সব সুখ আর ভালোলাগার অধিকারী হও তুমি আম্মু। আমার জীবনের সেরা উপহার তুমি। শুভ জন্মদিন!’