ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানের এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারের এই বিষয়টি দলীয় সূত্রেও নিশ্চিত করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের প্রায় পাঁচ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
জেলা বিএনপির বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় মো. ওবায়দুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা দলীয় সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাইরাল ভিডিওর বিষয়টি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সদস্য সচিব আরও বলেন, বিএনপি কোনো ধরনের অনৈতিক বা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বারবার যোগাযোগের চেষ্টা করেও এ ঘটনায় ওবায়দুর রহমানের বক্তব্য জানা সম্ভব হয়নি।