ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা দারুণ কাটলেও দ্বিতীয় দিনে এসে যেন সব উল্টে গেল। স্বাগতিকদের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে খেই হারিয়েছে বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাটিংয়েও হতাশ করেছেন টাইগাররা।
প্রস্তুতি ম্যাচ শেষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, ফিল সিমন্সের দলকে বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের চোটও।
ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩৫৫ রানে অলআউট হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেটে মাত্র ১৯ রান তুলেছে বাংলাদেশ। স্বাগতিকদের চেয়ে এখনো ৭৩ রানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
তবে এই রান তাড়ায় ব্যাটিংয়ের চেয়েও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাইজুলের বোলিং ফিঙ্গারে পাওয়া চোট। দ্বিতীয় দিনের খেলা শেষে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় তাইজুলের চোটের আপডেট জানিয়েছেন।
ভিডিও বার্তায় ফিজিও বলেন, ‘তাইজুল ইসলামের গতকাল ব্যাটিংয়ের সময় বোলিং ফিঙ্গারে ব্যথা লেগেছে। বল কনটিউশন হইছে। তারপর থেকে আমরা সেটাকে একটু ব্যান্ডেজ করে রেখেছি। অফ রাখাও হয়েছে। আজ পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবার দেখব।’
এদিকে তাইজুল মাঠের বাইরে থাকায় তার বদলি হিসেবে বোলিং করার সুযোগ পান পেসার মুশফিক হাসান। এ বিষয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল ব্যাখ্যা দিয়ে বলেন, ‘তাইজুলের চোটের কারণে আমরা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে মুশফিক হাসানকে ফিল্ডিং ও বোলিং করানোর অনুমতি নিয়েছি।’
তবে সুযোগ পেয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রান খরচ করলেও কোনো উইকেট পাননি মুশফিক।