বিশ্বকাপ শেষ হওয়ার আগে থেকেই আলোচনায় ছিলেন জিনেদিন জিদান। দিদিয়ের দেশম পরবর্তী যুগে ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন তিনি। অবশেষে সত্যি হলো সেটি। নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানকে নিয়োগ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) নতুন কোচ হিসেবে জিদানের নাম ঘোষণা করে এফএফএফ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফরাসিদের ডাগআউট সামলাবেন এই কিংবদন্তি। এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো।
১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ক্লাবকে। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের।
২০১২ সাল থেকে টানা এক যুগেরও বেশি সময় ফ্রান্সকে কোচিং করানো দেশম ২০২৬ বিশ্বকাপের পর ডাগআউটকে বিদায় জানান। সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স।
দায়িত্ব নেওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেন, ‘আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার।’
আগামী ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের ডাগআউটে নিজের যাত্রা শুরু করতে পারেন জিদান।