মিরপুরে মালয়েশিয়ার জন্য ম্যাচটা ছিল যেন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার গল্প! ২০ ওভারে ১০৫ রান তুলেছিল তারা। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল খেলল মাত্র ৭.৩ ওভার। জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।
আজ শুরুটা অবশ্য বাংলাদেশের ব্যাটিং দিয়ে নয়, মালয়েশিয়ার ব্যাটিং দিয়েই। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও বড় সংগ্রহের পথে হাঁটতে পারেনি সফরকারীরা। মোহাম্মদ রুবেলের বলে কোনো রান না করেই সাইফ উল্লাহ মালিক ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে মালয়েশিয়া।
এরপরও অধিনায়ক সৈয়দ আজিজ দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশ এইচপির বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রান তোলার গতি বাড়াতে পারেনি মালয়েশিয়া। আসলাম খান বিন মালিক ২০ বলে ১৮ রান করে রাকিবুল হাসানের শিকার হন। চার নম্বরে নামা আহমেদ আকীল ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও আবু হায়দার রনির বলে তার সেই প্রতিরোধও ভেঙে যায়।
অধিনায়ক আজিজ শেষ পর্যন্ত ৫২ বলে ৪০ রান করেন। তার ব্যাটেই ছিল মালয়েশিয়ার ইনিংসের সবচেয়ে বড় ভরসা। তবে ২০ ওভার শেষে চার উইকেটে ১০৫ রানের বেশি যেতে পারেনি তারা।
বাংলাদেশের হয়ে রনি নেন দুটি উইকেট। রুবেল ও রাকিবুলের শিকার একটি করে। এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং তাণ্ডব। লক্ষ্য মাত্র ১০৬। আর সেই লক্ষ্যকে আরও ছোট করে দেন জাওয়াদ আবরার। মাত্র ৮ বলে ২৩ রান করে ম্যাচের গতিপথ ঠিক করে দেন এই ওপেনার। তাঁর বিদায়ের পর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন জিসান আলম।
জিসানের ব্যাটিং দেখে মনে হয়েছে, লক্ষ্য ১০৬ নয়, যেন কয়েকশ রান তাড়া করছেন তিনি। বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে মালয়েশিয়ার বোলারদের ওপর চাপ তৈরি করেন। মাত্র ১৯ বলেই ফিফটি পূর্ণ করেন এই ব্যাটার।
আর থামেন ২১ বলে ৫৭ রানে অপরাজিত থেকে। তার সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শামীম হোসেন পাটোয়ারী, ৬ বলে তার সংগ্রহ ৮ রান।
বাংলাদেশ এইচপি তাই ৭.৩ ওভারেই ১০৬ রান তুলে ম্যাচ শেষ করে দেয়। হাতে তখনও ছিল ৭ উইকেট এবং ৭৪ বল।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল এইচপি। দ্বিতীয় ম্যাচে এলো আরও একপেশে জয়। দুই ম্যাচেই ব্যাট-বল হাতে পরিষ্কার আধিপত্য দেখিয়ে মালয়েশিয়াকে ধবলধোলাই করল বাংলাদেশ এইচপি।
টি-টোয়েন্টির পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে বাংলাদেশের এই দাপটের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন-ওয়ানডেতেও কি একই চিত্র দেখা যাবে?
এসএন/পিডিকে