স্বর্ণ-সিগারেটসহ ৫৬ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণালংকার, সিগারেট, ক্রিমসহ পাঁচটি মুঠোফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ লাখ টাকা।

আজ রোববার (৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইআইডির সি-শিফট একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি (পাকিস্তান থেকে আমদানিকৃত একটি জনপ্রিয় ত্বক ফর্সাকারী ও ব্রণের দাগ দূর করার ক্রিম) ক্রিমসহ পাঁচটি বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত এমিরেটসের ইকে০৫৮২ ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টুন সিগারেটসহ ৪০ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়। একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশিতে পাওয়া যায় ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টুন সিগারেটসহ ৩ কেজি গৌরি ক্রিম। অন্যদিকে দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিমসহ চারটি স্মার্টফোন পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই যাত্রীর কাছ থেকে সিআইআইডির সি-শিফটের অভিযানে মোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিমসহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব পণ্যের সম্মিলিত বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ সাফল্য এসেছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালান প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *