চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে চারটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) নিয়োগের মাধ্যমে রেজল্যুশন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রতিষ্ঠান চারটি হলো— আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চরম মূলধন ঘাটতি, উচ্চমাত্রার খেলাপি ঋণ, তারল্য সংকট, আয়ক্ষমতার মারাত্মক অবনতি এবং আমানতকারীদের পাওনা পরিশোধে চূড়ান্ত ব্যর্থতাই এ সিদ্ধান্তের প্রধান কারণ।

রেজল্যুশন কার্যক্রমের অংশ হিসেবে উক্ত আইনে বাংলাদেশ ব্যাংকের অর্পিত ক্ষমতাবলে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়োগ বাতিল করা হয়েছে।

পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে প্রশাসনিক ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ‘অ্যাডমিনিস্ট্রেটর’ এবং ‘অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই ব্যবস্থার মাধ্যমে আমানতকারীদের সুরক্ষার পাশাপাশি আর্থিক খাতে পুনরায় শৃঙ্খলা ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *