সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যকর করার অংশ হিসেবে হুথি বিদ্রোহীরা আটটি সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। 

হুথি সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, সর্বশেষ ‘ওয়াফা’ নামের সৌদি তেলবাহী ট্যাংকারটিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। তার দাবি, হামলাটি নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই সামুদ্রিক অবরোধ শুরুর পর থেকে সৌদি আরবের মোট আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

হুথিদের আরও দাবি, এ সময়ের মধ্যে লোহিত সাগর ও আরব সাগরে সৌদি আরবের ২৯টি তেলবাহী ট্যাংকারকে তাদের গন্তব্যে যেতে বাধা দেওয়া হয়েছে এবং ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

হুথিরা বলেছে, এসব অভিযান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ বাস্তবায়নের অংশ।

তবে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। হুথিদের দেওয়া হামলা ও ট্যাংকার ফেরত পাঠানোর তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *