শেষ বিকেলে হতাশ করলেন ব্যাটাররা

তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথমদিনের শেষ বিকেলে দ্রুত উইকেট তুলে নিয়ে যে আভাস দেখিয়েছিল বাংলাদেশ। আজ আর সেটি বাস্তবায়ন করতে পারল না। খাপছাড়া বোলিংয়ে অনেকটা সময় হতাশ করলেন খালেদ আহমেদ-ইবাদত হোসেনরা। শেষ বিকেলে বোলিংয়ে ধার বাড়ালেও ব্যাটিংয়ে আবারও হতাশ করল টাইগাররা। এতে কিছুটা পিছিয়ে থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ।

আজ শুক্রবার (৭ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে ৭৩ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৫ রান করে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশ। লিড পায় ৯২ রানের।

৯২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শেষ বিকেলে হতাশ করেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ৬ বলে ৬ রান করে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। তিন নম্বরে নামা অভিজ্ঞ মুমিনুল হকও দায়িত্ব নিতে পারেননি। দিনের শেষ বলে ১১ বলে ৬ রান করে আউট হন তিনি।

এর আগে ২ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দিনের শুরুতেই আগের দিনের থিতু হওয়া ব্যাটার জস ফিলিপকে ফিরিয়ে বাংলাদেশকে আশা দেখান হাসান মাহমুদ। ৩৮ বলে ২৪ রান করে ফেরেন ফিলিপ।

প্রথম সেশনে আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৫৮ বলে ৪৮ রান করা জ্যাক ক্লাইটনকে ফেরান এবাদত হোসেন। আর হাফসেঞ্চুরি করা কার্টিস প্যাটারসনকে ফেরান হাসান মাহমুদ। ৯১ বলে ৫৩ রান করেন এই ব্যাটার।

এরপর অবশ্য ষষ্ঠ উইকেট পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। প্রতিরোধ গড়ে তুলেন টিগ উইলি ও জ্যাক ডোরান। ১৬৭ রানের জুটি গড়েন তারা।

জ্যাক ডোরানকে ফিরিয়ে অবশেষে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ১২০ বলে ৭৬ রান করেন ডোরান। এরপর দ্রুতই আরও তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যাচ্ছিলেন টিগ উইলি। সেঞ্চুরি তুলে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে বড় সংগ্রহ এনে দেন তিনি। শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে স্বাগতিকদের গুটিয়ে দেন খালেদ আহমেদ। ১৭৭ বলে ১৩০ রান করেন টিগ উইলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *