হামজা চৌধুরীর পর লাল-সবুজের জার্সিতে আলো ছড়াতে আসছেন ইংল্যান্ডে খেলা আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। আগামী সাফ চ্যাম্পিয়নশিপে এই দুই তারকার দিকেই নজর বাংলাদেশি ফুটবলপ্রেমীদের। তবে জাতীয় দলে সতীর্থ হওয়ার আগেই এবার ইংল্যান্ডে মুখোমুখি হচ্ছেন এই দুজন।
আগামী ২২ সেপ্টেম্বর রাতে ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে মুখোমুখি হবে লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল। ইএফএল ট্রফির এই ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠ মাতাবেন হামজা চৌধুরী, আর ফুলহ্যামের হয়ে লড়াইয়ে নামবেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ।
বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে এরই মধ্যে নিজের ফেসবুক পেজে এ ম্যাচের কথা জানিয়েছেন ফুলহ্যামের তরুণ লেফট উইঙ্গার ফারহান আলী।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা এবং এফএ কাপ জয়ের স্বাদ পাওয়া হামজা চৌধুরী এখন বাংলাদেশ জাতীয় দলের মাঝমাঠের প্রধান ভরসা। তার উপস্থিতি ও নেতৃত্ব পুরো দলের খেলায় এনে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস।
অন্যদিকে, ফুলহ্যামের বয়সভিত্তিক দলে নিজের গতি, ড্রিবলিং আর দারুণ সব পারফরম্যান্স দিয়ে নজর কেড়ে চলেছেন তরুণ ফারহান আলী ওয়াহিদ। তাকে ঘিরেই বাংলাদেশের ফুটবলে ভবিষ্যৎ সাফল্যের বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা।
এদিকে, আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই এই প্রবাসী তারকাকে জাতীয় দলের স্কোয়াডে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফলে কিছুদিন পর যারা দেশের হয়ে একই জার্সিতে লড়বেন, তার আগেই ক্লাব ফুটবলে একে অপরের বিপক্ষ মাঠে নামছেন। লেস্টারকে জেতানোর দায়িত্ব থাকবে হামজার কাঁধে, আর ফুলহ্যামের জয় নিশ্চিত করতে লড়বেন ফারহান।