রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ইলিয়াস আলী গুম হয়েছেন: পানিসম্পদ মন্ত্রী

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, তখন রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলিয়াস আলী প্রতিহিংসার শিকার। এখন পর্যন্ত তাকে আমরা পাইনি, পাওয়ার কোনো সুযোগ আছে কি না তাও জানি না।

শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে গুম হওয়া বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইলিয়াস আলী গুম হয়েছেন দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। সারাটা জীবন ছাত্র রাজনীতি করেছেন, সিলেট জেলায় নেতৃত্ব দিয়েছেন, দেশেরও নেতৃত্ব দিয়েছেন সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। আমি তার খুব কাছের লোক। খুব কাছ থেকেই তার সঙ্গে রাজনীতি করেছি, তার নেতৃত্বে রাজনীতি করেছি। তার যে ত্যাগ, তার যে শ্রম, তার যে ঘাম—বলে শেষ করা যাবে না, সারাদিন বললেও শেষ হবে না।

তিনি জানান, বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশকে একটি নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী ২ মে তারেক রহমানের সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি বাসিয়া নদীর পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে পারেন। একসময় গুরুত্বপূর্ণ এ নদীটি বর্তমানে প্রায় খালে পরিণত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, নদী পুনরুদ্ধারের মাধ্যমে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এছাড়া সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি সব সময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বিচার ও জবাবদিহিতার বিষয়ে তিনি বলেন, অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে। দেশের মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময়, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৫ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *