পাকিস্তান সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও শান্তি চুক্তি হলে পাকিস্তান সফরের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

পাকিস্তান সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি পাকিস্তানে যেতে পারি। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে হয়তো আমি সেখানে যাব। তিনি আরও জানান, চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে পুনরায় সরাসরি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আমাদের একটি চুক্তি হতে যাচ্ছে এবং এটি একটি ভালো চুক্তি হবে, যেখানে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়ে সমঝোতা হয়েছে।

ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। ট্রাম্প জানান, এই মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।

তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে লড়াই আবার শুরু হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *