রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে শিবির ও রাকসু নেতাদের বিরুদ্ধে লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীদেরকে স্বাক্ষর নিতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়।
এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল বলেন, আমরা গতকাল মানববন্ধনের পাশাপাশি আজ সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়েছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছি, যা সরাসরি ভিসি বরাবর দেবো।
এ সময় আবির হাসান ছাত্রশিবিরকে উদ্দেশ করে বলেন, আগামী ২ আগস্ট আমাদের রাবি ক্যাম্পাসে রুহুল কবির রিজভী আসার কথা রয়েছে। আমাদের সেই কর্মসূচি বানচাল করার উদ্দেশে হয়তো শিবির এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাতে পারে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, শিবির ও রাকসু লাইব্রেরিতে যা ঘটিয়েছে, তারা চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগে থেকেই জানাতে পারত। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আইন রয়েছে এবং প্রশাসন তার ব্যবস্থা নিত। কিন্তু তারা যে কাজটি করল, দেশীয় অস্ত্র এবং তাদের যে মেশিনারি পাওয়ার, এই ক্ষমতা তাদের কে দিয়েছে? একটি লাইব্রেরি, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে কেন এই ধরনের হামলা? এর যথাযথ বিচার হওয়া দরকার এবং সেজন্যই আজ আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাকসুর কাজ হলো শিক্ষার্থীদের সেবায় কাজ করা। কিন্তু রাকসু নেতাকর্মীরা সেই কাজ ভুলে শিবিরসহ লাইব্রেরিতে, যেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেখানে হামলা চালায়। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গতকাল মানববন্ধন করেছি এবং আজ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে গণস্বাক্ষর সংগ্রহ করছি। আমরা চাই, এ হামলায় জড়িত রাকসু ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।