রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক একাধিক অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপনগর থানা সূত্রে জানা গেছে, গত রোববার (৮ নভেম্বর) গভীর রাতে আনুমানিক ১টা ৪০ মিনিটে রূপনগর থানার সামনে ককটেল ফুটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে রূপনগর থানা পুলিশ।
রামপুরা থানা সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে রামপুরা বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্যান্টনমেন্ট থানাধীন গলফ ক্লাবের সামনে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে।
রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।