দক্ষিণ এশিয়া ফুটবলে অন্যতম শক্তিশালী দেশ ভারত। তবে বড় মঞ্চে সেভাবে নিজেদের কখনো মেলে ধরতে পারেনি তারা। ফলে বড় দলগুলোর বিপক্ষে সেভাবে খেলতে দেখা যায় না তাদের। এবার সেই দেশটি দিতে যাচ্ছে বড় একটি চমক। প্রথমবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা—অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এরপর থেকে অনেকের মনেই প্রশ্ন কবে মাঠে গড়াবে সেই ম্যাচ?
সেই প্রশ্নের উত্তরও মিলেছে। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি।
ফুটবলপ্রেমী শহর কলকাতায় এই ম্যাচ নিয়ে এখন থেকেই বইছে আনন্দের জোয়ার। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর এটাই হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে উঁচু সারির কোনো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে, আর ভারতের জায়গা ১৩৮ নম্বরে।
দুই দেশের জাতীয় দলের মধ্যে এটিই প্রথম লড়াই। তবে কলকাতার সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের মায়ার টান বহু পুরোনো। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে তার ক্লাব নিউইয়র্ক কসমসকে নিয়ে ইডেন গার্ডেনে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। দীর্ঘ প্রায় পাঁচ দশক পর আবারও কলকাতার মাঠে ব্রাজিলিয়ান ফুটবলের দ্যুতি ছড়ানোর অপেক্ষা।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অক্টোবরে আন্তর্জাতিক সফরে ব্যস্ত থাকবে ব্রাজিল। ভারত সফরের আগে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার প্রথমটি ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। এরপরই কলকাতার বিমান ধরবে সেলেসাওরা।