ব্রাজিলকে নিয়ে নতুন পরিকল্পনা আনচেলত্তির

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ব্রাজিল। শেষ ষোলো থেকে বিদায়ের পর তিন সপ্তাহের ছুটি কাটিয়ে ব্রাজিলে ফিরেছেন কোচ কার্লো আনচেলত্তি। রিও ডি জেনেইরোতে ফিরে ইতোমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন দল গঠনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানিয়েছে, বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি বছরের বাকি সময়ের সূচি, প্রীতি ম্যাচের স্কোয়াড, লজিস্টিকস এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বৈঠক করেন আনচেলত্তি। এতে উপস্থিত ছিলেন জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সুজা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর হুয়ান, কোচিং স্টাফ ও পারফরম্যান্স বিশ্লেষকরা।

২০২৭ সালের শেষ দিকে শুরু হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ বাছাই এবং ২০২৮ কোপা আমেরিকাকে সামনে রেখে এখন থেকেই দল পুনর্গঠনের কাজ শুরু করেছে সিবিএফ।

বৈঠক শেষে আনচেলত্তি বলেন, ‘আমরা একটি নতুন দল গড়ার কাজ শুরু করতে যাচ্ছি। তরুণদের সুযোগ দেওয়া হবে এবং তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বিশ্বকাপে দলের হয়ে অবদান রাখা অভিজ্ঞ ফুটবলারদেরও আমরা পরিকল্পনার বাইরে রাখছি না।’

নতুন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। টাউন্সভিল ও ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ দুটিকে নতুন দলের ভিত্তি গড়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন আনচেলত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *