ফুটবল মাঠে রেকর্ড গড়ার পর এবার স্মারকের বাজারেও ইতিহাস লিখলেন লামিন ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকার বিরল ‘ওয়ান-অফ-ওয়ান’ রুকি ট্রেডিং কার্ড নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে। এর মাধ্যমে ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কার্ডের মালিক হয়েছেন তিনি। ভেঙে গেছে পেলে ও লিওনেল মেসির কার্ডের আগের রেকর্ডও।
গোলডটকম জানিয়েছে, গোল্ডিন আয়োজিত গ্লোবাল ফুটবল অকশনে পানিনির ২০২৩-২৪ ডনরুস ফিফা সিরিজের ‘ব্ল্যাক ওয়ান-অফ-ওয়ান কাবুম’ রুকি কার্ডটি নিলামে ওঠে। বিশ্বের একমাত্র কপি হওয়ায় শুরু থেকেই সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রে ছিল এটি। শেষ পর্যন্ত রেকর্ড দামেই বিক্রি হয় কার্ডটি।
একই নিলামে পেলের ১৯৫৮ সালের গ্রেডেড রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার ডলারে। আর মেসির ২০২৩-২৪ টপস ক্রোম স্যাফায়ার সিরিজের একটি বিশেষ সংস্করণের কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ ডলারে।
ইয়ামালের আরও দুটি স্মারকও উচ্চমূল্যে বিক্রি হয়েছে। ‘গোল্ড কাবুম’ রুকি কার্ডের দাম উঠেছে ১ লাখ ৮৯ হাজার ১০০ ডলার। আর চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত তার স্বাক্ষরসংবলিত বার্সেলোনার একটি ম্যাচ-ওয়ার্ন জার্সি বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০ ডলারে।
সব মিলিয়ে ইয়ামালের তিনটি স্মারক থেকে নিলামে আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ ডলার। অল্প বয়সেই মাঠের সাফল্যের পাশাপাশি সংগ্রাহকদের কাছেও যে তিনি অন্যতম আকর্ষণ, সর্বশেষ এই নিলাম সেটিই আরও একবার প্রমাণ করল।