ডলারের দরপতন ও জ্বালানি তেলের মূল্যহ্রাসের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। টানা তিন কার্যদিবস দর বৃদ্ধির মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক লাফে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের।
আজ বুধাবর (৫ আগস্ট) লেনদেনের একপর্যায়ে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫.৫৩ ডলারে গিয়ে পৌঁছায়। যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ দর। একই সময়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণের ফিউচার দর ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৫.৩০ ডলারে বিক্রি হতে দেখা যায়।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের প্রতিবেদনের দিকে সতর্ক নজর রাখছেন। তবে মার্কিন ডলার দুর্বল হওয়ার পাশাপাশি অপরিশোধিত তেলের দরপতন মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগ কিছুটা প্রশমিত করায় ধাতব বাজারে এই জোরালো উত্থান দেখা দিয়েছে।
জ্বালানি বাজারের প্রভাব সম্পর্কে ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং জানান, বিশ্ব অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর তেলের বাজারের ব্যাপক প্রভাব রয়েছে। ফলে তেলের বাজার ও ভূরাজনৈতিক উত্তেজনার যে কোনো পরিবর্তন স্বর্ণের দর বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের চাঙ্গাভাব দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ৩.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১.৭৬ ডলারে উন্নীত হয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ২.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৯.২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৯.১৫ ডলারে পৌঁছেছে, যা বিগত দুই মাসের মধ্যে সর্বোচ্চ দর।