কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে ইরান ও ওমানের চুক্তি বাস্তবায়নে অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বড় পতন ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাঁচ মাসের যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার ইতিবাচক গুঞ্জনে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে কমে ৭৯ ডলারের নিচে নেমে এসেছে। খবর রয়টার্সের।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত বিশ্ব তেল সূচক ‘ব্রেন্ট ক্রুডের’ দাম ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯.০৮ ডলারে কেনাবেচা হতে দেখা যায়। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪.৬৯ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, গত ২৩ জুলাই হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাত ছড়ানোর মুখে ব্রেন্ট ক্রুডের দাম সেঞ্চুরি স্পর্শ করে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছে গিয়েছিল। তবে তেহরান ও মাসকাটের মধ্যে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ চালুর নীতিগত সমঝোতা হওয়ার পর বাজার কিছুটা শান্ত হতে শুরু করেছে।
তবে তেলের বাজারে এই স্বস্তি কতটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন বাজার বিশেষজ্ঞরা। বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক জেপি মরগানের পূর্বাভাস অনুযায়ী, যুদ্ধ ও সাপ্লাই চেইনের অচলাবস্থা দীর্ঘায়িত হলে তেলের বাজার আবারও উত্তপ্ত হতে পারে। আগামী মাসগুলোতে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৪ থেকে ১২০ ডলার পর্যন্ত পৌঁছে যাওয়ার ঝুঁকি রয়েছে।