বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করেছে ফিফা। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের এই প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। তবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থাকবে ফিফার হাতেই।
ফিফা ২১১টি সদস্য ফেডারেশনকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে এ প্রস্তাবে মত জানাতে বলেছে। সমর্থন করলে প্রতিটি ফেডারেশন ২০৩০ বিশ্বকাপ চক্রে প্রায় ২০ মিলিয়ন ডলার পর্যন্ত উন্নয়ন তহবিল পাবে। না করলে আগের মতো প্রায় ১০ মিলিয়ন ডলারই পাবে।
এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। সংস্থাটির দাবি, বিশ্বকাপ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই এর বাণিজ্যিক অধিকার এভাবে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়।
উয়েফার পাশাপাশি এএফসি ও কনকাকাফও অভিযোগ করেছে, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য সংস্থাগুলোর সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি।
এর আগে ২০১৮ সালেও বড় অঙ্কের একটি বিনিয়োগ প্রকল্প নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। এবারও তার নতুন পরিকল্পনা বিশ্ব ফুটবলের প্রশাসনে বড় ধরনের বিতর্ক তৈরি করেছে।