বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকার অনশন, প্রেমিক উধাও

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের কথা বলে নিজ বাড়িতে ডেকে এনে গা-ঢাকা দিয়েছে এক সেনাসদস্য। এ ঘটনার পর থেকে গত তিন দিন ধরে বিয়ের দাবিতে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন ভুক্তভোগী এক কলেজছাত্রী। টানা অনশনের কারণে তরুণী অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি প্রেমিক সেনাসদস্য ও তার স্বজনদের বিরুদ্ধে তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।

দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া পোড়াভিটা জলব্রিজ এলাকায় সেনা সদস্য জীবন মিয়ার বাড়িতে এই অনশনের ঘটনা ঘটে। জীবন মিয়া সেনাবাহিনীর সৈনিক পদে রংপুর সেনানিবাসে কর্মরত এবং তিনি স্থানীয় ফেলু মিয়ার ছেলে।

ভুক্তভোগীর বাবা খশরু মিয়া অভিযোগ করে বলেন, গত চার বছর ধরে সেনাসদস্য জীবন আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিয়ের কথা বলে বাড়িতে এনে এখন গা-ঢাকা দিয়েছে। আমার মেয়েকে সেখানে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু ও ন্যায্য বিচার চাই।

এদিকে এ বিষয়ে বক্তব্য নিতে সেনাসদস্য জীবনের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পরিবারের কোনো সদস্য কথা বলতে রাজি হননি।

ঘটনার বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে এখনও থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *