বাগেরহাটের মোংলায় এক মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে চোরাচালানের মাধ্যমে সংগৃহীত বিপুল পরিমাণ অবৈধ ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের একটি আভিযানিক দল মোংলা পৌর শহরের প্রধান বাজারের ‘মেসার্স শোভা স্টোর’-এর মালিক সবুর তালুকদারের গোডাউনে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সবুরের গোডাউনে থাকা ৭৮ ব্যারেলে অবৈধভাবে মজুত করা মোট ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, অসাধু ব্যবসায়ী সবুর দীর্ঘদিন ধরে সমুদ্রগামী জাহাজ বা বিভিন্ন চোরাই সিন্ডিকেটের কাছ থেকে অপরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করে তাতে ক্ষতিকর রাসায়নিক ও ভেজাল উপাদান মিশিয়ে স্থানীয় বাজারে বোতলজাত তেল হিসেবে বিক্রি করে আসছিলেন।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কোস্ট গার্ডের এই অভিযানে সহযোগিতায় ছিলেন স্থানীয় পুলিশ সদস্য এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী জানান, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড এই সফল অভিযান চালায়। জব্দকৃত সয়াবিন তেল মোংলা থানায় হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশানুযায়ী জব্দ তেল নিলাম বা ধ্বংসের আইনি পদক্ষেপ নেওয়া হবে।