চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৪৮০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জেদ্দা থেকে আসা এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে পাওয়া যায় চোরাচালানের ৪৯টি স্বর্ণের চুড়ি, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। পরে ওই স্বর্ণ জব্দ ও যাত্রীকে আটক করা হয়।
আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে বেলা ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রাম পৌঁছেন মো. শরীফ নামের ওই যাত্রী।
এতে আরও বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তাদের সংকেত না মেনে এবং সঙ্গে থাকা স্বর্ণালংকারের কোনো ঘোষণা না দিয়েই দ্রুত গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন শরীফ। সন্দেহজনক গতিবিধি দেখে কাস্টমসের কর্মকর্তারা তাকে থামালে ও জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের কথা স্পষ্টভাবে অস্বীকার করেন। পরবর্তীতে উপস্থিত অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সামনে কাস্টমস হলরুমে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটি তল্লাশি করা হয়। ব্যাগটি খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে উদ্ধার করা হয় ৪৯টি প্রলেপযুক্ত স্বর্ণের চুড়ি।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দকৃত এক কেজি ৪৮০ গ্রাম স্বর্ণের শুল্ক ও করসহ আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।