বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী করলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, প্রতিটি মানুষকে একটি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যাও করতে হবে। তাহলেই আমাদের পরিবেশ সুন্দর ও বাসযোগ্য হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির যত্ন নিলে পরিবেশ রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখা সম্ভব।

রক্তদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দান করা রক্ত সংকটাপন্ন আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও সক্ষম মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।

হেরাল্ড ওপেন, গোল্ডেন টাই ও ৩৬ রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপত্বিত করেন লায়ন ইঞ্জি: মো: আকরাম উজ জামান।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *