জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন চাই না, তাই আমরা প্রার্থী দিয়েছি।
নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের স্বার্থেই আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের ১১ দলীয় ঐক্য তাই কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার (১১ আগষ্ট) রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আমাদের প্রত্যাশা ছিল জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হোক, এতে ৭০ অনুচ্ছেদ সংস্কার হতো। এতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ত।
নাহিদ ইসলাম বলেন, এই জন্যই আমরা বার বার সংবিধান সংশোধন বাস্তবায়ন করতে বলেছি, বার বার জুলাই সনদ বাস্তবায়ন করতে বলেছি।