সদ্য কারামুক্ত জামায়াতনেতা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, আমি ৪০ বছর জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমি একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আসতে হয়েছে। আমি আরেকটি বড় নদীতে এসেছি, সেই নদী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।সদ্য কারামুক্ত জামায়াতনেতা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, আমি ৪০ বছর জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমি একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আসতে হয়েছে। আমি আরেকটি বড় নদীতে এসেছি, সেই নদী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতনেতা আক্তারুজ্জামান রঞ্জন এ কথা বলেন।
আক্তারুজ্জামান রঞ্জন বলেন, ৪০ বছরের বিএনপির রাজনীতিতে আমার ভুল ছিল না। কিন্তু সেই নদীতে আজ চর পড়ে যাওয়ায় বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ধারণ করেছেন। ইনশা আল্লাহ, আমরা আল্লাহর কাছে পৌঁছাব, ইনশা আল্লাহ আমরা সাগরে যাব। আমাদের জয় হবেই হবে, সত্যের জয় হবে।
জামায়াতনেতা আক্তারুজ্জামান রঞ্জন আরও বলেন, আমি মনে করি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন। আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চাই। আমি জনগণের কল্যাণের জন্য হিমালয় পর্বত ডিঙাতেও পিছপা হব না।
বিমানবন্দরে একটি ঘটনার পর গ্রেপ্তার হয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ায় আক্তারুজ্জামান রঞ্জনকে গণসংবর্ধনা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির কারি নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ।
এর আগে, সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াত এবং সকাল ১০টায় পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক শাখা জামায়াত তাকে গণসংবর্ধনা দেয়। এসব কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিল।